সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান ও তুরস্ক। একই সঙ্গে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলাকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তিন দেশের উচ্চপর্যায়ের বৈঠকে এ অবস্থান জানানো হয়। খবর, আল জাজিরার।
মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতাভুক্ত দেশগুলোর কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির (এসপিডিসি) বৈঠকে অংশ নেন তিন দেশের জ্যেষ্ঠ সরকারি ও প্রতিরক্ষা কর্মকর্তারা। প্রায় আড়াই ঘণ্টার বৈঠক শেষে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার অংশগ্রহণকারী কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের ইসহাক দার বলেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তিত প্রেক্ষাপট পর্যালোচনা করেছে তিন দেশ। পাশাপাশি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তারা।
তিনি বলেন, সৌদি আরবে বেসামরিক মানুষ ও অবকাঠামো লক্ষ্য করে হুতি মিলিশিয়াদের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে তিন পক্ষ। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির সম্মিলিত প্রতিরক্ষাব্যবস্থা অনুযায়ী, সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সহযোগিতা অব্যাহত রাখা এবং তা আরও জোরদার করার অঙ্গীকারও করেছে তারা।
সৌদি আরবে হুতিদের হামলা অব্যাহত
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই অনুষ্ঠিত হলো এ উচ্চপর্যায়ের বৈঠক। ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার পর থেকে সৌদি আরবের বিভিন্ন শহর, তেল স্থাপনা ও নৌ চলাচল লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে হুতিরা।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৩ সেপ্টেম্বরের পর থেকে হুতিদের সন্দেহভাজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৩ জনই বিমানবন্দরে হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন।
শুক্রবারের বৈঠকে এসব হামলার বিষয়টি আলোচনার কেন্দ্রে থাকার কথা থাকলেও, হামলা মোকাবিলায় কী ধরনের সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে গত ৫ অক্টোবর রিয়াদে মক্কা প্রতিরক্ষা চুক্তির সদস্য দেশগুলোর জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সৌদি আরবে সেনা ও প্রয়োজনীয় সামরিক সক্ষমতা সরবরাহ এবং দ্রুত মোতায়েন নিশ্চিত করার বিষয়ে সম্মত হয় কমিটি।
সৌদি আরবের ভূখণ্ড রক্ষায় এর আগেও অঙ্গীকার করেছে পাকিস্তান। তবে ইয়েমেনের ভেতরে হুতিদের বিরুদ্ধে হামলা চালানোর বিষয়টি নাকচ করেছে দেশটি।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও গত সপ্তাহে দেশটির গণমাধ্যমকে জানিয়েছিলেন, সৌদি আরবের প্রতিরক্ষায় সহায়তা করাই আঙ্কারার বর্তমান নীতির লক্ষ্য। তিনি বলেন, ইয়েমেনের ভেতরে সেনা মোতায়েনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব
শুক্রবারের বৈঠকে আগের সভাগুলোতে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান ইসহাক দার।
তিনি বলেন, প্রতিরক্ষা শিল্প, যৌথ প্রযুক্তি উন্নয়ন, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ তিন দেশ। পারস্পরিক নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ মোকাবিলা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখতে সশস্ত্র বাহিনীগুলোর সম্মিলিত সক্ষমতা ও সমন্বয় বাড়ানোই এর লক্ষ্য।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও বলেন, প্রতিরক্ষা সক্ষমতা একীভূত করা এ জোটের কৌশলের অন্যতম মূল ভিত্তি। বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, জোটের প্রধান লক্ষ্য হলো— সদস্য দেশগুলো যেন নিজেদের সামরিক সক্ষমতার পাশাপাশি প্রতিরক্ষা শিল্পের সামর্থ্যও একত্র করে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে। এর মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় আরও বড় অবদান রাখা সম্ভব হবে।
বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনার বিষয়টিও উঠে এসেছে বলে জানান ফিদান। এ ছাড়া জোটে নতুন দেশগুলোর অন্তর্ভুক্তির বিষয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরির জন্য নীতিগতভাবে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জোটে যোগ দিতে আগ্রহী আরও কয়েকটি দেশ
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ও এশিয়ার কয়েকটি দেশ। গত আগস্টে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছিলেন, মিশরও এ জোটের সম্ভাব্য সদস্য হতে পারে।
বাংলাদেশও চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানিয়েছে। এ ছাড়া সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানিও গত মাসে বলেছিলেন, দামেস্ক মক্কা জোটে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি পর্যালোচনা করছে।
উল্লেখ্য, গত ৭ আগস্ট মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। চুক্তির মূল শর্ত অনুযায়ী, তিন দেশের কোনো একটির ওপর সশস্ত্র হামলাকে বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে। এই চুক্তির আওতায় গঠিত কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটিতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা রয়েছেন।
