আখেরি মোনাজাতে ধুনটে শেষ হলো তিনদিনের ইজতেমা

বগুড়ার ধুনটে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৪৯তম আঞ্চলিক বিশ্ব ইজতেমা। শনিবার দুপুর ১২টা ১০ মিনিট থেকে ১২টা ২৬ মিনিট পর্যন্ত দীর্ঘ মোনাজাতে আমিন-আমিন ধ্বনিতে মুখরিত হয় ইজতেমা ময়দান।

ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বি হযরত মাওলানা শামছুদ্দিন সাহেব। মোনাজাতের আগে হেদায়েতের বয়ান করেন কাকরাইল মসজিদের মুরব্বি প্রফেসর মো. আব্দুল হাই।

জানা গেছে, ঢাকার কাকরাইল মসজিদের তত্ত্বাবধানে গত বৃহস্পতিবার বাদ ফজর থেকে ইজতেমা শুরু হয়। প্রতি বছরের ন্যায় এবারও সৌদি আরব, ইন্দোনেশিয়া, মরক্ক ও থাইল্যান্ডসহ আরবের আরও কয়েকটি জামাত এবং দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমায় সমবেত হন।

ইজতেমায় মুসল্লিরা তিনদিন অবস্থান করে আল্লাহর ইবাদত এবং দেশি-বিদেশি বক্তার হেদায়েতের বয়ান শোনেন। শনিবার আখেরি মোনাজাতে নিজেদের গুনাহ মাফ চেয়ে আল্লাহর দরবারে দেশ, জাতি ও মুসল্লি উম্মাহর শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা নিরাপদে ফিরে যান।

এনএএন টিভি