শেনজেনে বৈঠকে বসছেন তিন পরাশক্তির নেতা, বিশ্বব্যবস্থা বদলের আশঙ্কা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যবস্থার ভাগ্য নির্ধারণে ১৯৪৫ সালে অনুষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক ইয়াল্টা সম্মেলন। প্রায় ৮১ বছর পর যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার তিন নেতার সম্ভাব্য বৈঠক ঘিরে নতুন করে সেই সম্মেলনের স্মৃতি আবারও ফিরে আসছে।

আশঙ্কা তৈরি হয়েছে, বিশ্বের তিন প্রভাবশালী নেতা নিজেদের স্বার্থে ছোট ও মাঝারি দেশগুলোর ভবিষ্যৎ নির্ধারণে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেন। বিশেষ করে ইউক্রেন, ইউরোপ ও তাইওয়ানের মতো ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর ভাগ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। তিন নেতার এমন বৈঠক হলে তা হবে নজিরবিহীন। তবে বিশ্লেষকদের ধারণা, ঐতিহাসিক ছবি তোলার সুযোগ তৈরি হলেও বিশ্বব্যবস্থায় বড় কোনো পরিবর্তন আনার মতো সমঝোতা হওয়ার সম্ভাবনা কম।

১৯৪৫ সালের ফেব্রুয়ারিতে ক্রিমিয়ার ইয়াল্টায় বৈঠকে বসেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও সোভিয়েত নেতা জোসেফ স্টালিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে অনুষ্ঠিত ওই সম্মেলনে যুদ্ধ-পরবর্তী ইউরোপের রাজনৈতিক বন্দোবস্ত, সীমানা ও প্রভাববলয় নিয়ে আলোচনা হয়। এর মধ্য দিয়ে পূর্ব ইউরোপে সোভিয়েত আধিপত্য প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছিল বলে মনে করা হয়। পরবর্তী সময়ে স্নায়ুযুদ্ধের সূচনাতেও ওই সম্মেলনের সিদ্ধান্তগুলোর প্রভাব ছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্ভাব্য শেনজেন বৈঠককে একুশ শতকের নতুন ইয়াল্টা হিসেবে দেখার আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁর উদ্বেগ, কয়েকটি বৃহৎ শক্তি নিজেদের মধ্যে প্রভাববলয় ভাগ করে নিতে পারে, যেখানে সংশ্লিষ্ট দেশগুলোর মতামত উপেক্ষিত থাকবে।

এ আশঙ্কা আরও জোরালো হয়েছে আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে সাম্প্রতিক আলোচনার পর। চলতি সপ্তাহে অনুষ্ঠিত ওই আলোচনা ছিল গত ফেব্রুয়ারির পর প্রথম। সেখানে রুশ প্রতিনিধিরা ইউরোপের নিরাপত্তাব্যবস্থা নতুন করে পর্যালোচনার দাবি তুলেছেন। রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি ভবিষ্যৎ আলোচনায় ইউরোপের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তুলেছেন। এতে ইউক্রেনের পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর মধ্যেও উদ্বেগ বেড়েছে।

যুক্তরাষ্ট্রের হাডসন ইনস্টিটিউটের বিশ্লেষক সিপোরা ফ্রিডের মতে, তিন বৃহৎ শক্তির নেতাদের এমন বৈঠকই এই বার্তা দিতে পারে যে কয়েকটি ক্ষমতাধর দেশ অন্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে তাদের অনুপস্থিতিতে সিদ্ধান্ত নিতে পারে। এতে কার স্বার্থ আলোচনায় গুরুত্ব পাবে আর কার স্বার্থ অন্যদের হাতে দর-কষাকষির বিষয় হবে-সেই প্রশ্ন সামনে আসবে।

তিন নেতার স্বার্থে বড় ব্যবধান

তবে বিশ্লেষকদের মতে, প্রতীকী গুরুত্ব থাকলেও শেনজেন বৈঠক থেকে নতুন বিশ্বব্যবস্থার কোনো বড় চুক্তি হওয়ার সম্ভাবনা কম। কারণ, তিন দেশের স্বার্থ ও আলোচনার অগ্রাধিকারে রয়েছে বড় ধরনের পার্থক্য।

রাশিয়া চাইছে ইউক্রেন যুদ্ধের বিষয়টি আলোচনার কেন্দ্রে থাকুক। মস্কোর লক্ষ্য, যুদ্ধ বন্ধের সমঝোতায় নিজেদের শর্ত ও নিরাপত্তাসংক্রান্ত দাবিগুলোকে গুরুত্ব দেওয়া। অন্যদিকে ট্রাম্প পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করতে আগ্রহী। চীন এখনো আলোচ্যসূচি নিয়ে স্পষ্ট অবস্থান জানায়নি।

বেইজিংয়ের রেনমিন বিশ্ববিদ্যালয়ের চংইয়াং ইনস্টিটিউট ফর ফাইন্যান্সিয়াল স্টাডিজের প্রধান ওয়াং ওয়েনের মতে, তিন দেশের দাবি এতটাই ভিন্ন যে আলোচনার প্রত্যাশা নিয়ন্ত্রণ করা কঠিন হবে। কোনো বড় অগ্রগতি ছাড়াই বৈঠক শেষ হওয়ার আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রতিযোগিতা রয়েছে। আবার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের প্রশ্নেও তিন দেশের অবস্থান এক নয়। চীন দীর্ঘদিন ধরে বলে আসছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিশাল পারমাণবিক অস্ত্রভান্ডার আগে কমাতে হবে। এরপরই তারা নিজেদের অস্ত্রভান্ডার নিয়ে আলোচনায় বসতে পারে।

ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপের অংশগ্রহণের পক্ষেও অবস্থান নিয়েছে চীন। জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার সম্প্রতি বেইজিং সফরে শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে বলেছেন, ইউক্রেন যুদ্ধ ইউরোপের সংঘাত এবং এ বিষয়ে ইউরোপীয় দেশগুলোরও আলোচনার টেবিলে থাকা উচিত। তাঁর ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে কথা বলার সময় শি জিনপিং বিরক্তি প্রকাশ করেছিলেন।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী ওয়েন-তি সুং মনে করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে লড়াইয়ের মতো কোনো অভিন্ন শত্রু এখন তিন বৃহৎ শক্তির সামনে নেই। ফলে তাদের মধ্যে বড় ধরনের ঐকমত্যের চেয়ে নির্দিষ্ট কিছু বিষয়ে সীমিত সমঝোতা হওয়ার সম্ভাবনাই বেশি।

তাঁর ধারণা, বৈঠকে সন্ত্রাসবাদ দমন, জনস্বাস্থ্য কিংবা জলবায়ু পরিবর্তনের মতো বিষয়ে সহযোগিতার আলোচনা হতে পারে। সংকটের সময় সরাসরি যোগাযোগের জন্য হটলাইন চালুর মতো সীমিত উদ্যোগও আসতে পারে। তবে বড় কোনো রাজনৈতিক বন্দোবস্তের সম্ভাবনা কম।

তাইওয়ান ও ইউক্রেনের উদ্বেগ

সম্ভাব্য বৈঠক নিয়ে তাইওয়ানও সতর্ক দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের নিরাপত্তা সহযোগিতা বেইজিং-ওয়াশিংটন সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ বিরোধের বিষয়।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক ওয়েন-তি সুংয়ের মতে, যুক্তরাষ্ট্র যদি সুবিধার জন্য ইউক্রেনের মতো একটি অংশীদারকে পরিত্যাগ করতে পারে, তাহলে ভবিষ্যতে অন্য অংশীদারদের ক্ষেত্রেও একই আশঙ্কা তৈরি হতে পারে। এ কারণে তাইওয়ানের জন্যও সম্ভাব্য বৈঠকটির গুরুত্ব রয়েছে।

ইউক্রেন ও ইউরোপের আশঙ্কা, তিন নেতার মধ্যে সরাসরি আলোচনা হলে তাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গ্রহণে সংশ্লিষ্ট পক্ষগুলোকে পাশ কাটানো হতে পারে। এতে আন্তর্জাতিক কূটনীতিতে বৃহৎ শক্তির প্রভাব আরও বাড়তে পারে।

নতুন বিশ্বব্যবস্থা কি গড়তে পারবেন তিন নেতা?

ট্রাম্প প্রশাসন পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের প্রভাব ও কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে পূর্ব ইউরোপে নিজেদের নিরাপত্তা ও প্রভাববলয় সম্প্রসারণের দাবি তুলছে। চীনও এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজের অবস্থান শক্তিশালী করছে। এ পরিস্থিতিতে তিন নেতার বৈঠককে ঘিরে প্রভাববলয় ভাগাভাগির আশঙ্কা তৈরি হওয়া অস্বাভাবিক নয়।

তবে চীন প্রকাশ্যে ইয়াল্টার মতো বৃহৎ শক্তির গোপন সমঝোতার ধারণার বিরোধিতা করে আসছে। দেশটি সার্বভৌমত্ব ও বহুপক্ষীয় আন্তর্জাতিক ব্যবস্থার পক্ষে অবস্থান নেওয়ার কথা বলে। ওয়াং ওয়েনের মতে, শেনজেন বৈঠকে বেইজিং যদি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব এবং বহুপক্ষীয় সংস্থাগুলোর ভূমিকার ওপর জোর দেয়, তাহলে দ্বিতীয় ইয়াল্টার আশঙ্কা কমানো সম্ভব।

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক চং জা ইয়ানের মতে, প্রথম ইয়াল্টা সম্মেলনের পর এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় নানা সংঘাত ও অস্থিরতার পথ তৈরি হয়েছিল। নতুন করে এমন কোনো সমঝোতা হলে একই ধরনের সমস্যা দেখা দিতে পারে।

সব মিলিয়ে শেনজেন বৈঠকটি বাস্তব সিদ্ধান্তের চেয়ে প্রতীকী গুরুত্বই বেশি বহন করতে পারে। তিন নেতার একসঙ্গে বসার দৃশ্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বার্তা দিলেও ইউক্রেন, তাইওয়ান কিংবা ইউরোপের নিরাপত্তা নিয়ে বড় ধরনের সমঝোতা হওয়ার সম্ভাবনা এখনো অনিশ্চিত। বরং বৈঠকে কোন বিষয়গুলো আলোচনায় আসে এবং যেসব দেশ সরাসরি আলোচনায় থাকবে না, তাদের স্বার্থ কতটা বিবেচনায় নেওয়া হয়- সেদিকেই নজর থাকবে আন্তর্জাতিক মহলের।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card