সিদ্ধিরগঞ্জে চিকিৎসকের অনুপস্থিতিতে নার্সের চিকিৎসায় নবজাতকের মৃত্যু

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিকিৎসকের অনুপস্থিতিতে নার্সদের মাধ্যমে প্রসব করানোর চেষ্টায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রসূতি সুরমা আক্তার (১৯) গুরুতর অসুস্থ হয়ে সাইনবোর্ডের একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে ভর্তি রয়েছেন। এদিকে ভুল চিকিৎসার অভিযোগে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা সংশ্লিষ্ট হাসপাতালে হামলা চালিয়ে পরিচালকসহ কয়েকজনকে মারধর করেছেন।

‎মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে।

‎সুরমা আক্তার কিশোরগঞ্জের আনিসুর রহমানের স্ত্রী। তারা সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের ধনুহাজী রোডের মানিক টাওয়ারে ভাড়া থাকেন।

‎পরিবারের সদস্যদের অভিযোগ,সুরমা দীর্ঘ নয় মাস ধরে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার তীব্র প্রসবব্যথা শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে সন্তান প্রসব করানোর কথা বলে পরিবারের সদস্যদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয়। পরে চিকিৎসক আসবেন বলে অপেক্ষা করতে থাকলেও দীর্ঘ সময়েও তিনি হাসপাতালে আসেননি।

একপর্যায়ে নার্স শিউলিসহ দুজনের তত্ত্বাবধানে স্বাভাবিকভাবে প্রথম শিশুর জন্ম হয়। দ্বিতীয় শিশুর প্রসবের সময় তীব্র ব্যথা অনুভব করলে তাকে ব্যথানাশক ইনজেকশন দেওয়া হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

পরিবারের দাবি, অবস্থার অবনতি হলেও চিকিৎসক না আসায় তারা সুরমাকে দ্রুত সাইনবোর্ডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা করে দ্বিতীয় শিশুটিকে মৃত ঘোষণা করেন এবং প্রসূতিকে সিসিইউতে ভর্তি করেন।

‎সুরমার শাশুড়ি হনুফা বেগম অভিযোগ করে বলেন, চিকিৎসক ডা. ফারহানা তাবাসসুমের মাধ্যমে প্রসব করানোর কথা জানানো হলেও তিনি দীর্ঘ সময় হাসপাতালে আসেননি। নার্সদের মাধ্যমে প্রসব করানোর সময় প্রথম শিশু জন্ম নেয়। দ্বিতীয় শিশুর প্রসবের সময় জটিলতা দেখা দিলে ব্যথা কমানোর ইনজেকশন দেওয়া হয়। এরপর সুরমার অবস্থার অবনতি হলেও হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসক ডাকেনি এবং অন্য হাসপাতালে নিতেও বাধা দেয়। পরে জোর করে অন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে শিশুর মৃত্যুর বিষয়টি জানতে পারেন তারা।

সুরমার শ্বশুর বলেন, চিকিৎসকের পরিবর্তে নার্স দিয়ে চিকিৎসা করানোর কারণেই তাদের নাতির মৃত্যু হয়েছে বলে তারা মনে করছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

‎তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতালের পরিচালক শেখ মাসুদ বলেন, চিকিৎসাকালীন সময়ে রোগীর অবস্থা ভালো ছিল। তারা ভেবেছিলেন দ্বিতীয় শিশুটিও স্বাভাবিকভাবে জন্ম নেবে। এ কারণে চিকিৎসককে আসতে নিষেধ করেছিলেন বলে জানান তিনি।

‎এদিকে এ ঘটনার প্রতিবাদে বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা হাসপাতালে গিয়ে পরিচালক শেখ মাসুদসহ কয়েকজনকে মারধর করেন। এতে হাসপাতাল এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এএসআই হেমায়েত উদ্দিন পিপিএম উল্লাহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card