চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল হোসেন (২০) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ভোরে উপজেলার সন্তোষপুর ইকো পার্কের কাছে সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল হোসেন উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসাপাড়ার ইলিয়াস হোসেনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে কৃষকরা মাঠে কাজে যাওয়ার সময় সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের ইকো পার্কের পাশের একটি খাদে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশেই দুমড়েমুচড়ে যাওয়া একটি নীল রঙের আরটিআর মোটরসাইকেল পড়ে ছিল। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি খেজুরগাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।
নিহত রাসেলের বাবা ইলিয়াস হোসেন বলেন, ‘মঙ্গলবার রাত ৮টার দিকে সন্তোষপুর পাম্প থেকে মোটরসাইকেলে জ্বালানি তেল নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রাসেল। এরপর আর বাড়ি ফেরেননি। রাতভর ছেলের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের নিথর দেহ দেখতে পান।’
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘সন্তোষপুর ইকো পার্কের কাছে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
