বেঙ্গালুরুতে অটোর সঙ্গে ধাক্কা রাহুল দ্রাবিড়ের গাড়ির, রাস্তায় তর্কে জড়ালেন দ্রাবিড়

ভারতের কিংবদন্তি ক্রিকেটার এবং সাবেক দলটির সাবেক কোচ রাহুল দ্রাবিড়কে এক অটোচালকের সঙ্গে তর্কে জড়াতে দেখা গেছে। বেঙ্গালুরুর এক রাস্তায় তাকে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়াতে দেখা যায়।

ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটেছে। অটোচালকের সঙ্গে ভারতকে কোচ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো দ্রাবিড়ের উত্তপ্ত বাকি বিনিময়ের সেই ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, ভিডিওটি রাস্তা দিয়ে যাওয়ার পথে কেউ ধারণ করেছে।

সেই ভিডিওতে ক্ষুব্ধ দ্রাবিড়কে কান্নাড়া ভাষায় সেই অটোচালকের সঙ্গে তর্ক করতে শোনা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, দ্রাবিড়ের গাড়ির সঙ্গে মালামাল বহনকারী অটোটির সংঘর্ষ থেকেই এই ঘটনার সূত্রপাত। তবে এই সাবেক ক্রিকেটারই গাড়িটি চালাচ্ছিলেন কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, বেঙ্গালুরুর ব্যস্ত সড়ক ক্যানিংহ্যাম রোডে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। নিজস্ব সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, দ্রাবিড় ইন্ডিয়ান এক্সপ্রেস জংশন থেকে হাই গ্রাউন্ডসের দিকে যাচ্ছিলেন। অটোচালকের বিরুদ্ধে অভিযোগ, দ্রাবিড়ের গাড়ি ট্রাফিক জ্যামে আটকে থাকা অবস্থায় পেছন থেকে তার গাড়িতে ধাক্কা মারা হয়েছে। সূত্র আরও জানিয়েছে, দ্রাবিড় ঘটনাস্থল ছাড়ার আগে অটোচালকের যোগাযোগের নম্বর নিয়ে নেন। ঘটনার আরও বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

টাইমস অব ইন্ডিয়া বেঙ্গালুরুর এক্স প্লাটফর্মে পোস্ট করা এই ভিডিও থেকে জানা যায়, ক্যানিংহ্যাম রোডে হালকা সংঘর্ষের পর এই উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে। তবে এতে দুটি গাড়ির কোনটিরই ক্ষতি হয়নি কিংবা কেউই আহত হননি।

ডেকান হেরাল্ড জানিয়েছে, দুর্ঘটনাটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও জানা যায়, এই ঘটনায় কোন পক্ষই কোনো ধরণের অভিযোগ জানাননি এবং কোনো মামলা হয়নি। তবে এই প্রতিবেদনেও বলা হয়েছে যে, স্থান ত্যাগের পূর্বে দ্রাবিড় অটোচালকের ফোন নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর নিয়েছেন।

৫২ বছর বয়সী দ্রাবিড় ভারতের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার। তিন ফরম্যাট মিলিয়ে ২৪ হাজারের বেশ রান করেছেন তিনি। ভারতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন। ২০০৭ বিশ্বকাপে তার নেতৃত্বেই অংশ নিয়েছিল ভারত।

এনএএন টিভি