কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সিলগালা করা আবাসিক হলগুলো রোববার (৯ অক্টোবর) থেকে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আহ্বান করা এক জরুরি মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মিটিং শেষে জানা যায়, রোববার (৯ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দেওয়া হবে। হলে শুধু বৈধ আবাসিক শিক্ষার্থীরাই উঠতে পারবে ও ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পরীক্ষাসমূহ স্থগিত থাকবে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের নিজস্ব পরিবহন ব্যতীত অন্যান্য সকল ধরনের পরিবহন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
বিশ্ববিদ্যালয়ের হলগুলোর প্রভোস্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বৈধ শিক্ষার্থী বলতে যাদের আইডি কার্ড রয়েছে শুধু তারা হলে প্রবেশ করতে পারবে। এক্ষেত্রে যাদের আইডি কার্ড নেই, তাদেরকে সাময়িক আইডি কার্ড প্রদান করা হবে বলে সিদ্ধান্ত এসেছে। সাময়িক আইডি কার্ড প্রদানের দায়িত্বে থাকবে প্রত্যেক হলের প্রভোস্টগণ।
এ বিষয়ে শেখ হাসিনা হলের প্রভোস্ট মো. সাহেদুর রহমান বলেন, যেহেতু সকল শিক্ষার্থীর কাছে এখনও আইডি কার্ড পৌঁছায়নি, তাই আমরা সাময়িক একটি আইডি কার্ড প্রদান করব। পরবর্তীতে এক-দেড় মাস সময় দেওয়া হবে শিক্ষার্থীদের আবাসিকতা নেওয়ার জন্য।
এক হলের শিক্ষার্থী অন্য হলে আছেন এদের জন্য কি ব্যবস্থা করা হবে এমন প্রশ্নে তিনি বলেন, আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছি। তাদের জন্য মাইগ্রেশনের ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর মধ্যরাতে প্রেস রিলিজের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণার করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এরপর গত ১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের একটি গ্রুপ বিশ্ববিদ্যালয়ে হঠাৎ মোটরসাইকেল শোডাউন ও বাজি ফাটালে অপর একটি গ্রুপও সশস্ত্র মহড়ায় নামে। ফলে ক্যাম্পাসজুড়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২ অক্টোবর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধে ঘোষণা করা হয়।
