মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মতেরবল সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ২১ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফ রাতের আঁধারে ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থান থেকে এসব বাংলাদেশিকে ধরে এনে এক জায়গায় জড়ো করে। পরে সুযোগ বুঝে ভোরে কুলাউড়ার মতেরবল সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে।
এ সময় সীমান্তে দায়িত্বরত বিজিবির ৪৬ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। বিজিবির প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পুশইন হওয়া ব্যক্তিরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক।
এর আগে রোববার (২৫ মে) বড়লেখা উপজেলার শাহবাজপুর ও লাতু সীমান্ত দিয়ে আরও ১২১ জনকে পুশইন করে বিএসএফ। এ নিয়ে সম্প্রতি মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে মোট ২৮৮ জনকে পুশইন করা হলো।
