জাপান যাওয়ার স্বপ্ন সড়কে ভেঙে চুরমার

উচ্চশিক্ষা অর্জন এবং উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে জাপানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বন্দরের নবীগঞ্জ এলাকার তরুণ শিক্ষার্থী ইউনুস রাশিদ নিঝুম (২২)। সে লক্ষ্যে শিখছিলেন জাপানি ভাষাও। আগামী ফেব্রুয়ারি মাসেই উড়ে যাওয়ার কথা ছিল কাঙ্ক্ষিত গন্তব্যে। কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল। ডানা মেলার আগেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় থমকে গেল নিঝুমের জীবন।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর মদনগঞ্জগামী লেনে এক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান এই তরুণ।

নিহত ইউনুস রাশিদ নিঝুম বন্দরের নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার মাসুদ মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কলেজে অনার্সে অধ্যয়নরত ছিলেন। দুর্ঘটনায় নিঝুমের সঙ্গে থাকা তার বন্ধু ফারহান (১৯) আহত হয়েছেন। নিঝুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সদস্যরা জানান, নিঝুমের ইচ্ছে ছিল জাপানে গিয়ে উচ্চশিক্ষা শেষ করে নিজের ভবিষ্যৎ গড়ে তোলার। সেভাবেই সব প্রস্তুতি চলছিল এবং ভাষা শেখার কাজও এগোচ্ছিল। কিন্তু এক মুহূর্তের দুর্ঘটনায় নিঝুমের স্বপ্ন ও পরিবারের সব আশা ধূলিসাৎ হয়ে গেল।

ঘটনার বিবরণ দিয়ে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মিলন বর্মন জানান, মদনগঞ্জগামী লেনে দ্রুতগতিতে চলার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলটি ছিটকে প্রায় ৩০ মিটার দূরে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই চালকের আসনে থাকা নিঝুমের মৃত্যু হয় এবং তার পেছনে থাকা বন্ধু ফারহান আহত হন।

খবর পেয়ে পুলিশ নিঝুমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। অপরদিকে আহত ফারহানকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share this news as a Photo Card