নারায়ণগঞ্জ শহর হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্ব সেরা-এই প্রত্যয়ে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১০ মে) সকালে জেলার ১৪টি নির্ধারিত স্থানে একযোগে প্রায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচিকে একটি সময়োপযোগী ও সুদূরপ্রসারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি নদী রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান।
আলোচনা সভা শেষে তিনি কেন্দ্রীয় ঈদগাহের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পানাম নগর ও সার্কিট হাউজ চত্বরে নির্মিত নতুন ফোয়ারা উদ্বোধন করেন। দিনব্যাপী কর্মসূচির পরিশেষে বিভাগীয় কমিশনার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা শাখার কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলামের নেওয়া এই কর্মসূচি নারায়ণগঞ্জ জেলাকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বক্তারা।
এদিকে, অনুষ্ঠান শুরুর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র্যালি শুরু হয় এবং নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ে বকুল গাছ রোপণের মাধ্যমে পরিবেশের প্রতি ভালোবাসার প্রতীক স্বরূপ একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়। এরপর বেলুন উড়িয়ে “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির শুভ সূচনা ঘোষণা করা হয়। একই সময় জেলার ১৪টি নির্ধারিত স্থানে একযোগে প্রায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হয়।
