হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা এর সড়ক এলাকার বাসিন্দারা বর্তমানে তীব্র পানি নিষ্কাশন সমস্যার মুখোমুখি হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। প্রায় এক মাস আগে সড়কের মাঝ দিয়ে থাকা ড্রেনটির একপাশের দেয়াল পাশের একটি নতুন ভবনের নির্মাণকাজ চলাকালীন ভেঙে পড়ে। এতে ড্রেনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।
ফলস্বরূপ, আশপাশের ২-৩টি এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে এবং জমে থাকা পানিতে বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
সমস্যা সমাধানে স্থানীয় মুরুব্বি, প্রবীণ ও যুবকরা একাধিকবার উদ্যোগ নিলেও পরিস্থিতির ভয়াবহতার কারণে তা সফল হয়নি। পরে বিষয়টি ৮নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য নাজনীন ম্যামের নজরে আনা হলে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ৮নং ওয়ার্ড মেম্বার হাজী নাজমুল ইসলাম (সবুজ) কে অবহিত করেন।
পরবর্তীতে মেম্বার সবুজ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন এলাকার মুরুব্বি হানিফ কাকা, মাহিন উদ্দীন, আনিসুর রহমান (রনি), কামাল হোসেন, রেদওয়ান আহমেদ (সজিব), আব্দুর রহমান, আমিনুল ইসলাম (রাহাত) এবং সংশ্লিষ্ট ভবনের মালিক পাশা সাহেবসহ আরও অনেকে। আলোচনা শেষে ভবনের মালিক ড্রেনটি দ্রুত সংস্কারের আশ্বাস দেন।
তবে ১০-১২ দিন পেরিয়ে গেলেও এখনো স্থায়ী কোনো সমাধান হয়নি। এ অবস্থায় এলাকার মুরুব্বি হানিফ কাকা ও আনিসুর রহমান (রনি) নিজস্ব অর্থায়নে অস্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন, যাতে বাসিন্দাদের কষ্ট কিছুটা লাঘব হয়।
এলাকাবাসী দ্রুত স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশা করছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে এই দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।
