ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমির হোসেন, জেলা এনএসআই উপ-পরিচালক ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, আনসার অ্যাডজুডেন্ট অরূপ দাস, জেল সুপার নজরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাশেম আলী, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল হালিম, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং উন্নয়নের লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করা হয়। মহাসড়কে দুর্ঘটনা কমাতে ইজিবাইক চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করা হয় এবং সরকারি নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। পাশাপাশি, গাড়ি চালকদের ডোপ টেস্টের সংখ্যা বাড়ানো, জেলার সব অটোরিকশাকে নিবন্ধনের আওতায় আনা, মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, এবং চুরি রোধে বাড়ি ও মহাসড়কের পাশে সিসি ক্যামেরা স্থাপনের সুপারিশ করা হয়।
এছাড়া রাস্তার পাশের অবৈধ দখল উচ্ছেদে তালিকা তৈরি ও মোবাইল কোর্ট পরিচালনা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখতে বাজারে নিয়মিত অভিযান, বাল্যবিবাহ রোধে ইউনিয়ন পর্যায়ে উন্মুক্ত আলোচনা, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং শহরে পুলিশি টহল জোরদারের আহ্বান জানানো হয়।
সভায় নতুন বাস স্ট্যান্ড, রেফেলস মোড় ও ভাঙ্গা গোলচত্বর এলাকার রাস্তার বেহাল অবস্থার কারণে দ্রুত সংস্কারের দাবি জানানো হয়।
শরিফুল ইসলাম / এনএএন টিভি

One Reply to “ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত”
Comments are closed.