মুন্সিগঞ্জের ট্রিপল হত্যা মামলা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

চার বছর আগে ২০২১ সালের ২৪ মার্চ মুন্সীগঞ্জে সালিশ বৈঠকে নিয়ে হামলায় তিনজনকে হত্যার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাসুদ করিম বৃহস্পতিবার (৮ মে) এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, সৌরভ প্রধান, রনি বেপারী এবং শিহাব প্রধান। তারা কিশোর গ্যাংয়ের সদস্য।

আর শাকিব প্রধান, শামীম প্রধান, অনিক বেপারী, রায়হান এবং ছোট জাহাঙ্গীরকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। আসামিদের মধ্যে শিহাব, শাকিব এবং শামীম সহোদর।

এ ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. বিল্লাল হোসেন জানান, ২০২১ সালের ২৪ মার্চ বিকেলে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুরে দুইদল কিশোর-তরুণের মধ্যে হাতাহাতি হয়। বিরোধ মেটাতে সেদিন রাতে দুই পক্ষকে সালিশে ডাকা হয়। সেখানে সৌরভ, শিহাব ও শামীম পক্ষের ছুরিকাঘাতে প্রাণ যায় অপর পক্ষের মো. ইমন হোসেন (২২), মো. সাকিব হোসেন (১৯) ও মিন্টু প্রধানের (৪০)।

নিহত পৌর কাউন্সিলর প্রার্থী ও ক্রীড়া সংগঠক মিন্টুর স্ত্রী খালেদা আক্তার পরদিন মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেন। ১২ জনের নাম উল্লেখ করে সেখানে অজ্ঞাতপরিচয় আরও ১০-১৫ জনকে আসামি করা হয়।

এনএএন টিভি