ঈদে ঘরমুখো মানুষের ব্যাপক যাত্রাচাপে গত ছয় দিনে যমুনা সেতু দিয়ে চলাচল করেছে ২ লাখ ৬২ হাজারের বেশি যানবাহন। এ সময়ে সেতু থেকে টোল আদায় হয়েছে ২০ কোটি টাকারও বেশি।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে সেতু কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২২ মে থেকে ২৭ মে রাত ১২টা পর্যন্ত মোট ২ লাখ ৬২ হাজার ৯০৮টি যানবাহন যমুনা সেতু পারাপার করেছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী পূর্ব টোলপ্লাজা দিয়ে চলাচল করেছে ১ লাখ ৫৯ হাজার ২৪৩টি এবং ঢাকামুখী পশ্চিম টোলপ্লাজা দিয়ে চলাচল করেছে ১ লাখ ৩ হাজার ৬৬৫টি যানবাহন।
এই ছয় দিনে মোট টোল আদায় হয়েছে ২০ কোটি ৩৪ লাখ ৪৭ হাজার ১০০ টাকা। এর মধ্যে পূর্ব টোলপ্লাজা থেকে আদায় হয়েছে ১১ কোটি ৩০ লাখ ২৮ হাজার ৯০০ টাকা এবং পশ্চিম টোলপ্লাজা থেকে এসেছে ৯ কোটি ৪ লাখ ১৮ হাজার ২০০ টাকা।
সেতু কর্তৃপক্ষের তথ্যে জানা যায়, ২২ মে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয় ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা। ২৩ মে ৩২ হাজার ৬৪৯টি যানবাহন থেকে আদায় হয় ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা।
এছাড়া ২৪ মে ৩৯ হাজার ৯১৯টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয় ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা। ২৫ মে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন চলাচল করে, যেখানে টোল আদায় হয় ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা। ২৬ মে ৫৬ হাজার ২৩৯টি যানবাহন থেকে আদায় হয় ৩ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা এবং ২৭ মে ৪৫ হাজার ৮৮৯টি যানবাহনের বিপরীতে আদায় হয় ৩ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৩৫০ টাকা।
যমুনা সেতুর রক্ষণাবেক্ষণ ও পরিচালন শাখার নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদকে কেন্দ্র করে স্বাভাবিক সময়ের তুলনায় দুই থেকে চার গুণ বেশি যানবাহন সেতু দিয়ে চলাচল করেছে। অতিরিক্ত চাপ সামাল দিতে নিয়মিত ১৪টি বুথের পাশাপাশি আরও চারটি অতিরিক্ত টোল বুথ চালু করা হয়েছিল। বুধবার বিকেল থেকে মহাসড়কে যানবাহনের চাপ কমতে শুরু করে।
