ফরিদপুরের সালথায় ব্যবসায়ীর বাড়িতে হামলার ঘটনায় প্রধান আসামি উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৪ মার্চ) দুপুরে ফরিদপুর কোতয়ালি থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নাসির উদ্দিন মাতুব্বর সালথা উপজেলার কাকিলাখোলা গ্রামের বাসিন্দা এবং মহি উদ্দিন মাতুব্বরের ছেলে।
জানা গেছে, চলতি বছরের ১৯ জানুয়ারি সকাল ১০টার দিকে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামের ব্যবসায়ী হাসান আশরাফের দোতলা বাড়িতে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা বাড়িটি ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করে এবং বাড়ির পাশে থাকা একটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মিয়া এবং উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বরের সমর্থকরা জড়িত ছিলেন বলে অভিযোগ উঠে।
হামলার সময় ওই ব্যবসায়ীর সমর্থক বিএনপি নেতা মাজেদ মোল্লার দুটি ঘর, ইউনুস মোল্লার দুটি ঘর, বিভাগদী গ্রামের শহীদ সরদারের বাড়িঘর এবং শফিকের একটি দোকানও ভাঙচুর করা হয়। হামলাকারীরা এসব স্থাপনা থেকে লুটপাট চালিয়ে মালামালও নিয়ে যায়। পুরো ঘটনায় প্রধান আসামি করা হয় নাসির উদ্দিন মাতুব্বরকে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নাসির উদ্দিন মাতুব্বরের বিরুদ্ধে দুটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে কোতয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাসির উদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
