আখাউড়ায় অটোরিকশা চালকের ছুরিকাঘাতে মিষ্টির দোকানের কর্মচারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অটোরিকশা চালকের ছুরিকাঘাতে জীবন মিয়া (২৫) নামের এক মিষ্টির দোকানের কর্মচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পৌরশহরের সড়কবাজারে এ ঘটনা ঘটে।
নিহত জীবন মিয়া উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আলমগীর বাদশার ছেলে। জীবন পৌরশহরের ভিআইপি সুইটমিট দোকানে কর্মচারী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, দোকানের পণ্য আনার সময় সড়কে জীবন মিয়ার সঙ্গে অটোরিকশা চালক সাহাদাতের সঙ্গে বাগবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর সাহাদাত ধারালো ছুরি নিয়ে দোকানে গিয়ে জীবনের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলার এক পর্যায়ে তিনি জীবনের বুকে ছুরিকাঘাত করে।
এসময় উপস্থিত জনতা ও দোকানের কর্মচারীরা সাহাদাতকে গণধোলাই দেয়। পরে গুরুতর আহত অবস্থায় দু’জনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জীবন মিয়াকে মৃত ঘোষণা করেন।
আহত সাহাদাত হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তিনি পৌরশহর দেবগ্রামের বাসিন্দা।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত চালক সাহাদাতকে পুলিশ হেফাজতে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।