নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (এপিএস) মোহাম্মদ ওয়ালীউল্লাহকে (৪১) গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা-পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকার আগারগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জের গ-সার্কেল মেহেদী ইসলাম এবং আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ওয়ালীউল্লাহর বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার শিবপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. আব্দুল্লাহ।
নারায়ণগঞ্জের গ-সার্কেল মেহেদী ইসলাম জানান, ওয়ালীউল্লাহকে গ্রেপ্তারের জন্য বেশ কয়েক দিন ধরে চেষ্টা চালানো হচ্ছিল। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার আগারগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, ওয়ালীউল্লাহর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
