সোমবার (৫ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের লংকাপুর মুহুরীপাড়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দীপক চন্দ্র (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন—নিলয় চন্দ্র রায় (২৫) ও হৃদয় চন্দ্র রায় (১৯)।
জানা গেছে, দীপক ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার দক্ষিণ সেনিহারী গ্রামের অরুন চন্দ্র রায়ের ছেলে। আহত নিলয় ও মোটরসাইকেল চালক হৃদয় তার চাচাতো ভাই ও ভাতিজা।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন মোটরসাইকেলে লাহিড়ীহাট এলাকায় আত্মীয়ের বাড়িতে অষ্টপ্রহরের দাওয়াত দিতে যাচ্ছিলেন। পথে চৌরঙ্গী বাজার থেকে লাহিড়ী যাওয়ার সময় একটি বালুবাহী ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। ট্রাক্টরের পেছনের লোহার হুক মোটরসাইকেলে লাগলে তিনজন রাস্তায় পড়ে যান।
এরপর ট্রাক্টরের পেছনের চাকা দীপকের বুকের ওপর উঠে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। হৃদয় জানান, “আমার পা ও কাকার বুকের ওপর দিয়ে ট্রাক্টর উঠে যায়। কাকা ঘটনাস্থলেই মারা যান।”
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ট্রাক্টর ও চালক ফরহাদকে আটক করে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
