আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় তার আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আইনজীবী জিয়াউল হক কাজল (৬৩), তাঁর ভাই আতিকুল ইসলাম (৫৫) এবং আইনজীবী মাহাবুবুর রহমান (৩৬)।

গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে জিয়াউল ও আতিকুলকে এবং দেওভোগ পাকা রোডের গলি থেকে মাহাবুবুরকে গ্রেপ্তার করে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মী হয়ে তারা মঙ্গলবার আদালত প্রাঙ্গণে আইভীর সঙ্গে উপস্থিত ছিলেন এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, সাবেক মেয়র আইভী তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে আগেই জামিন পান। গতকাল মঙ্গলবার নিম্ন আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও তাঁর পুনর্জামিনের দিন ধার্য ছিল। শুনানিকালে তাঁর আইনজীবী পুনর্জামিনের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।

শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় নেতাকর্মীদের মাঝে থেকে আইভী স্লোগান তোলেন—‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না, জয় বাংলা’। তিনি গাড়িতে ওঠার পর সঙ্গে থাকা নেতাকর্মীরাও একই স্লোগান দেন। এ সময় গ্রেপ্তার তিনজন আইভীর পাশেই অবস্থান করছিলেন।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card