লালমনিরহাটের আদিতমারীতে রান্নাঘরের মাটির নিচে ড্রামে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই কারবারিকে গ্রেপতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। অভিযানে ২ হাজার ৩০০ বোতল আমদানি নিষিদ্ধ সিরাপ ও ১৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারীর দক্ষিণ তালুকপলাশী (বাওয়ারচারা) এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতাররা হলেন দক্ষিণ তালুকপলাশী এলাকার মো. হাবিবুর রহমান (২৫) এবং রংপুরের গঙ্গাচড়া উপজেলার চর ইশোরকোল গ্রামের মো. জীমবাবু (১৮)।
এসআরবি জানিয়েছে, হাবিবুর রহমানের বসতবাড়িতে মাদক মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তাদের একটি দল। তল্লাশি করে রান্নাঘরের মাটির নিচে পুতে রাখা বিশেষ ড্রাম থেকে ৩১ বোতল এস্কাফ ও ১৯৯ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। পাশাপাশি অপর আসামি জীমবাবুর দেহ তল্লাশি করে ১৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
অভিযান শেষে আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত ও আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
