ওসমানীপৌড় স্টেডিয়াম সংলগ্ন এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী

ওসমানীপৌড় স্টেডিয়ামের সাথে চিকার বাড়ি মাঠে বিলকিস, জাহিদ ও সাকিলদের বিরুদ্ধে জমজমাট মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, নারায়ণগঞ্জের কথিত এক মাদক সম্রাজ্ঞী সিমার কাছ থেকে সরাসরি বিলকিস (পিতা: হারুন)-এর কাছে হিরোইন ও ইয়াবা পৌঁছে দেওয়া হয়, যা পরবর্তীতে এলাকায় সরবরাহ করা হয়।
অভিযোগ রয়েছে, পুরো কার্যক্রমের নিয়ন্ত্রণে রয়েছেন বিলকিসের সৎ ভাই সাকিল (পিতা: হারুন) এবং তার স্বামী জাহিদ (পিতা: অজ্ঞাত)। ওসমানীপৌড় স্টেডিয়াম সংলগ্ন চিকার বাড়ি মাঠ এলাকায় প্রকাশ্যেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

এলাকাবাসীর দাবি, তাদের একটি বড় সিন্ডিকেট রয়েছে এবং সিন্ডিকেটের সদস্যদের কাছে পিস্তলসহ দেশীয় অস্ত্র রয়েছে। ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে সাকিলের বিরুদ্ধে, যার দৈনিক বেচাকেনা প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা বলে স্থানীয়দের ধারণা। অপরদিকে হিরোইন ব্যবসার নিয়ন্ত্রণে রয়েছেন জাহিদ—এমন অভিযোগও পাওয়া গেছে।
১২/০১/২০২৬ তারিখ সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় রায়হান নামক এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাদের নাম রয়েছে বলে জানা গেছে। এছাড়াও ২০২২ সালে রাজমিস্ত্রি রুবেল হত্যা মামলাতেও তাদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, মামলা থাকা সত্ত্বেও অভিযুক্তরা প্রকাশ্যে চলাফেরা করছে, যা সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
স্থানীয়রা মনে করছেন, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। বিষয়টি অত্যন্ত গুরুতর হওয়ায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।