কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ’ রিসোর্টে আগুন, নিহত ৫

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে ইনানীর পাটুয়ারটেক এলাকায় অবস্থিত ‘টুপটুপ রিসোর্ট’-এ এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, সকাল ৭টা ২৫ মিনিটে রিসোর্টটিতে আগুন লাগার খবর পায় উখিয়া ফায়ার স্টেশন। স্টেশন থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার সার্ভিসের সদস্যদের আধা ঘণ্টার বেশি সময় লাগে এবং সকাল ৮টায় তারা উদ্ধারকাজ শুরু করে।

উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত তৎপরতায় সকাল ৮টা ১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।

Share this news as a Photo Card