কলমাকান্দায় বিনামূল্যে চক্ষু শিবিরে ২ হাজার ৪০০ রোগীকে চিকিৎসাসেবা

নেত্রকোনার কলমাকান্দায় বিনামূল্যে চক্ষু শিবিরে প্রায় ২ হাজার ৪০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৭০০ জনকে ছানি অস্ত্রোপচারের জন্য নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া ৫০০ জনকে চশমা ও ওষুধ এবং ১ হাজার ২০০ জনকে শুধু ওষুধ দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
এ সময় তিনি বলেন, “হেলথ ক্যাম্প বা এ ধরনের চিকিৎসাসেবা নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয়। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। মানুষের জন্য কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব।”
ডেপুটি স্পিকার জানান, ছানি অস্ত্রোপচারের জন্য নির্বাচিত রোগীদের তালিকাভুক্ত করা হচ্ছে। পরে তাঁদের কলমাকান্দা থেকে ময়মনসিংহে নিয়ে অস্ত্রোপচার করানো হবে। রোগীদের যাতায়াত, থাকা-খাওয়া ও চিকিৎসার সব ব্যয় বিনামূল্যে বহন করা হবে।
তিনি আরও বলেন, গত দুই বছর ধরে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবার তৃতীয় বছরের মতো এ উদ্যোগ নেওয়া হয়েছে। কলমাকান্দার পাশাপাশি দুর্গাপুর, নাজিরপুর, লেংগুরা ও গাওকান্দিয়াসহ বিভিন্ন এলাকায় চক্ষু শিবিরের কার্যক্রম চলছে।
চিকিৎসাসেবা নিতে আসা মানুষের প্রসঙ্গে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আজ যারা চিকিৎসা নিচ্ছেন, তাঁদের দরিদ্র বলব না; তাঁরা বিভিন্নভাবে বঞ্চিত ও অসহায়। বঞ্চিত এই মানুষের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব।”
কলমাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নাল জানান, চক্ষু শিবিরে ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক ডা. রফিকের নেতৃত্বে মোট ২৯ জন চিকিৎসক সেবা দেন। তাঁদের মধ্যে ডা. আজিজুর রহমান ও ডা. ফয়সাল হাসান ইমনও ছিলেন। এ ছাড়া এনএসপি থেকে দুজন এবং বিএএনএসবি থেকে ১৭ জন চিকিৎসক অংশ নেন।
আয়নাল আরও জানান, এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে ৪০০ রোগীর চোখের ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছিল। এবারও চক্ষু শিবিরের দায়িত্ব পেয়ে তিনি আনন্দিত। অসহায় মানুষের সেবা করার সুযোগ দেওয়ায় ডেপুটি স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মানবিক উদ্যোগে স্বস্তি অসংখ্য মানুষের
বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চশমা ও ওষুধ বিতরণের এ উদ্যোগ স্থানীয় অসহায় ও চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ৭০০ রোগীর ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা তাঁদের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার নতুন আশার সঞ্চার করেছে।

Share this news as a Photo Card