কুমিল্লায় চাচাতো ভাইয়ের ঘুষিতে আ.লীগ নেতার মৃত্যু

পারিবারিক কবরস্থানের মালিকানা ও মাটি ফেলা নিয়ে দ্বন্দের জের ধরে দুইপক্ষের ধস্তাধস্তি ও কিলঘুষিতে কাহারুল মুন্সী (৫৫) নামের এক আ.লীগ নেতার মৃত্যু হয়েছে।

বুধবার (১৯শে মার্চ) রাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা গ্রামে এই ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। কাহারুল মুন্সী চাপিতলা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে ও চাপিতলা ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক।

 

স্থানীয়রা জানায়, মুন্সী বাড়ির একটি পারিবারিক কবরস্থান নিয়ে কাহারুল মুন্সীর সাথে তার চাচা জীবন মুন্সী ও জাহাঙ্গীর মুন্সীর পরিবারের মধ্যে দ্বন্দ চলছিল। কবরস্থানের পাশে এলজিইডির খাল কাটার চলমান কার্যক্রমে কবরস্থানে কিছু মাটি দেয়ার জন্য ভেকুচালক ও ঠিকাদারকে অনুরোধ করেন কাহারুল মুন্সী। তার অনুরোধে বুধবার রাতে কবরস্থানে মাটি দেয়া হবে এমন খবর পেয়ে জীবন মুন্সী ও জাহাঙ্গীর মুন্সী ও তার ছেলে আবদুল্লাহ কবরস্থানের কাছে এলে কাহারুল মুন্সীর সাথে বাকবিতন্ডা শুরু হয়।

 

একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও পাল্টাপাল্টি কিল-ঘুষি চলতে থাকে। এসময় লাগাতার কিলঘুষিতে কাহারুল মুন্সী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাপিতলা নুরজাহান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য দেবিদ্বার হাসপাতালে রেফার করেন। দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

ঘটনায় নিহতের স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এনএএন টিভি