খুলনার ফুলতলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাব্বির হোসেন নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত আটটার দিকে উপজেলার দামোদর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের মোস্তফা হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে সাব্বিরের সাথে একই এলাকার আরেক যুবকের দ্বন্দ্ব ছিল। বৃহস্পতিবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে সাব্বিরের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই যুবক। এ সময় আরও একজন আহত হয়।
পরে স্থানীয় লোকজন উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ জানায়, নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। অভিযুক্ত যুবককে আটকের চেষ্টা চলছে।
