খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় মধ্যরাতে এক যুবককে গুলি করে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর নাম শেখ জুম্মান রহমান বিশাল (২৭)। তার বাম ঊরুতে গুলি লেগেছে। তিনি পশ্চিম টুটপাড়া দারোগা বস্তি এলাকার বাসিন্দা লুৎফর শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বিশাল পশ্চিম টুটপাড়া আমতলা মোড়ে দাঁড়িয়ে ছিলেন।
এসময় মোটরসাইকেলে করে হেলমেট ও মাস্ক পরা তিন ব্যক্তি সেখানে আসেন। একপর্যায়ে তারা বিশালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাম ঊরুতে গুলি লাগে। পরে তার কাছে থাকা ভি-৭৫ মডেলের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান তারা।
