গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর কথা শুনে বাবার মৃত্য

গাইবান্ধায় রামিম নামে আট বছর বয়সী এক শিশুর সড়ক দুর্ঘটনার খবর শুনে তার বাবা জিয়াউর রহমান জিয়া মারা গেছেন।

১৬ নভেম্বর শনিবার গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এর আগে ১৫ নভেম্বর শুক্রবার দুপুর ১টার দিকে সদর উপজেলার শাপলামিল এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে শিশুটি।

এ দুর্ঘটনার খবর শুনে এদিন বিকাল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতেই মারা যান বাবা জিয়াউর রহমান জিয়া। মৃত জিয়াউর রহমান জিয়া শাপলামিল সংলগ্ন হামিদ স্যানেটারির স্বত্বাধিকারী মরহুম আব্দুল হামিদের বড় ছেলে। এছাড়া তিনি গাইবান্ধা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য। দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ ময়নুল হক। তিনি জানান, জিয়াউর রহমানের ছেলে রামিম শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিল। শাপলামিল এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রামিম রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা রামিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে জিয়াউর রহমান নামাজ শেষে মসজিদ থেকে আসার পথে ছেলের দুর্ঘটনার খবর শুনে গাইবান্ধা জেনারেল হাসপাতালে যান। সেখানে রামিমের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এমন অবস্থায় রংপুর যাওয়ার জন্য টাকা ও কাপড় নিতে বাড়ি গিয়ে মারা যান জিয়াউর রহমান।

এনএএন টিভি

Share this news as a Photo Card