চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিশু অসুস্থ হওয়ার ঘটনায় খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রামীণ উন্নয়ন কর্ম-গাক’কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার রাতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। এঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং খাবার খেয়ে একে একে ১১ শিশু অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, রবিবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রামীণ উন্নয়ন কর্ম-গাক’ কর্তৃক সরবরাহকৃত স্কুল ফিডিংয়ের রুটি ও ডিম খাওয়ার পর একে একে শিশু শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ২৫০ বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফুড পয়জনিং থেকে এই ঘটনা ঘটেছে। তবে পরীক্ষা নিরীক্ষা করার পর আসল কারণ জানা যাবে।
এ ঘটনার পর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসন গাক কার্যালয় ও স্টোরে অভিযান চালায় প্রশাসন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খাদ্য সংরক্ষণে ত্রুটি, ব্যবস্থাপনার অভাবসহ বিভিন্ন কারণে এই জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন স্কুলে এই খাবার খেয়ে অনেক শিশু অসুস্থ হয়ে পড়েছিল। পাশাপাশি নষ্ট পচা খাবার সরবরাহ করার জন্য প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলাও দয়ের করা হয়।
