চৌদ্দগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুইজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ফেনী থেকে কুমিল্লা অভিমুখী মদিনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস চৌদ্দগ্রামের ছুপুয়া এলাকায় আল-আমিন পেট্টোল পাম্পের নিকট পৌঁছালে পেছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। পরে সেখান থেকে নিহতদের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।