মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা

জমির বিরোধে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা , গ্রেপ্তার ২

টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় রফিকুলের এক ভাই আহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামের হলিদ্রাচালা এলাকায় এ ঘটনা ঘটে।  এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

এ ঘটনায় নিহত রফিকুল ইসলামের চাচাতো ভাই আয়নাল মিয়া (৬০) ও তাঁর স্ত্রী সেলিনা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত রফিকুল ইসলাম হলিদ্রাচালা গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। হামলায় রফিকুলের বড় ভাই শামসুল আলম আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামের সঙ্গে আয়নাল মিয়া ও তাঁর স্ত্রীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে রফিকুল ইসলাম বাড়ির পাশে ওই বিরোধপূর্ণ জমিতে গাছের চারা রোপণ করতে যান। তখন তাঁর চাচাতো ভাই আয়নাল ও তাঁর স্ত্রী সেলিনা তাঁকে বাধা দেন। একপর্যায়ে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। পরে আয়নাল ও সেলিনা তাঁকে কিল–ঘুষি মারতে থাকেন। এতে রফিকুল মাটিতে লুটিয়ে পড়েন। রফিকুলের চিৎকার শুনে ভাই শামসুল আলম ছুটে এলে তাঁকেও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন রফিকুল ইসলামকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই আয়নাল মিয়া ও তাঁর স্ত্রী সেলিনা বেগমকে গ্রেপ্তার করা হয়। নিহত রফিকুল ইসলামের ভাই শামসুল আলম তাঁদের বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে রফিকুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযান চালিয়ে আয়নাল এবং তাঁর স্ত্রী সেলিনা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই সাংবাদিক শামসুল আলম বাদী হয়ে আয়নাল এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

জমির জন্য প্রাণহানির ঘটনা অহরহ ঘটছে।