টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহরের বটতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শহরের ছোটকালিবাড়ি এলাকার স্বাধীন (২২) ও ফাহিম (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলযোগে দুই বন্ধু নিজ বাড়ির উদ্দেশে রওনা হন স্বাধীন ও ফাহিম। বটতলা এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দেয়ালে সজোরে ধাক্কা লেগে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

এ সময় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।