রাজধানীর গুলশান, বিমানবন্দর ও গাজীপুরের সদর উপজেলায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের দলনেতাসহ ১৫ জনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) র্যাব-১ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
গ্রেফতার ১৫ জন হলেন: ছিনতাইকারী দলের নেতা ইমন (২৪), সদস্য রতন (২০), ইয়াসিন (২০), সোহেল রানা (২২), জাহিদ হাসান (২৮), সাকিব (২৪), ইমান ওরফে ইমাম হোসেন (২৬), মারুফ (১৯), পলাশ (২২), শুভ (২২), বাছির (২৪), সাগর (২২), আনোয়ার (৩৫), আরিফ (২২), শাহিন (৩৪)।
র্যাব-১ এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার এবং গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ চক্র ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে জানা যায়।
এর পরিপ্রেক্ষিতে ঢাকার গুলশান থানাধীন মাদানী এভিনিউ, গাজীপুর সদর থানাধীন চতরবাজার এবং বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটওভার ব্রিজ সংলগ্ন এলাকায় গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে রাত সাড়ে ১১টা অভিযান চালায় র্যাব-১ এর কয়েকটি দল।
পৃথক পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাকারীদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, ছয়টি ফোল্ডিং চাকু, একটি ক্ষুর জব্দ করা হয়। আইনগত ব্যবস্থা নিতে গ্রেফতার প্রত্যেককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
