ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতার বিক্ষোভ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র-জনতা।

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে অবস্থান নেন তারা। এ সময় ঢাকা-চট্টগ্রামমুখী দুই লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়

সরেজমিনে দেখা যায়, গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিকেলে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় নানা ধরনের প্রতিবাদী স্লোগান দেন তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সোয়া ৫টা) আন্দোলনকারীরা সড়কে অবস্থান করছেন ।

এ সময় ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই,’ ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার,’ ‘সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দেয়,’ ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার,’ ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক নিরব রায়হান বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক আমাদের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে আমরা বিক্ষোভে নেমেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এই হামলার তীব্র নিন্দা জানাই।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ও নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু বলেন, অন্তর্বর্তী সরকার কী করছে, এটা আমাদের প্রশ্ন। আমরা বর্বরোচিত হামলা বিচার চাই।

 

এনএএন টিভি