দেশে ডেঙ্গুতে দুই শিশুসহ ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৯ জন।

নিহতদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি এবং একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এই চারটি মৃত্যুর ঘটনা ঘটেছে

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ১০২ জনের বয়স ০-২০ বছর।

এদিকে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা বেশি। মোট ৩১৯ জনের মধ্যে ১৮৮ জন পুরুষ এবং ১৩১ জন নারী

প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৯০ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৮৯ জন, ঢাকা বিভাগে ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন ও রংপুর বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ হাজার ৩৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগটিতে আক্রান্ত হয়ে ৬৯ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৩২ জন নারী।

 

এনএএন টিভি