নরসিংদীতে মেঘনা নদী থেকে পুলিশের ভেস্ট পরা আরও এক মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নিখোঁজদের মধ্যে পুলিশের ভেস্ট পরিহিত অবস্থায় আঃ লতিফ (৩৫) নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর এলাকার মেঘনা নদী হতে তার ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আঃ লতিফ নিলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও কান্দাপাড়া এলাকার শহিদ মিয়ার ছেলে। এ নিয়ে মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় নদী থেকে মোট ৩ জনের মরদেহ উদ্ধার করা হলো। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, গোপীনাথপুর রফিক মেম্বারের বাড়ির সামনে মেঘনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, সংঘর্ষের ঘটনায় এখনও কেউ নিখোঁজ থাকার লিখিত অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৬ জুন) ভোরে নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও এলাকায় স্থানীয় সাবেক ইউপি সদস্য জবা মিয়া এবং প্রতিপক্ষ মিস্টার গ্রুপের অনুসারীদের মধ্যে এই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে এই সংঘর্ষের জেরে মঙ্গলবার সোনাকান্দি পূর্বপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য ওসমান মিয়ার ছেলে অনিক মিয়া (২২) এবং বুধবার (১৭ জুন) বিকালে সদর উপজেলার জিৎরামপুর এলাকা হতে টেঁটাবিদ্ধ অবস্থায় কাউছার মিয়া (৩৫) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়।