নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যা, আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক কেনাবেচার টাকার লেনদেন নিয়ে বিরোধের জেরে পাভেল (৩৭) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে জুবায়ের আহমেদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার জুবায়ের আহমেদ বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার জুয়েল এর ছেলে। শুক্রবার (১৮ এপ্রিল) র‍্যাব-১১ এর অপস্ অফিসার মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ঘটনার সূত্রপাত হয় গত ৩১ মার্চ, ঈদুল ফিতরের আগের দিন। ফতুল্লা থানাধীন কাশিপুর মধ্যপাড়া এলাকায় হাসমত উল্লাহর ছেলে পাভেল ও পাশের বাড়ির রায়হান বাবুর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে ঈদের দিন ভোরে রায়হান বাবু ও তার সহযোগীরা পাভেলের বুকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় পাভেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে বিকেল সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।

নিহতের মা নূরী বেগম বাদী হয়ে রায়হান বাবু সহ পাঁচজনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

র‍্যাব জানায়, মামলার পরপরই আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি জুবায়েরকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

গ্রেফতার জুবায়েরকে ফতুল্লা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার প্রধান আসামি রায়হান বাবুসহ অন্যদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, রায়হান বাবু এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পাভেলের সঙ্গে তার পূর্বপরিচয় ছিল। ধারণা করা হচ্ছে, মাদকের টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।’

এনএএন টিভি

Share this news as a Photo Card