প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে যুবকের কাণ্ড

নরসিংদীর পলাশে প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে মারুফ মিয়া (২০) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় পলাশ উপজেলার দড়িহাওলাপাড়া গ্রামের এক ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মারুফ মিয়া দড়িহাওলাপাড়া গ্রামের বিল্লাল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন গাড়িচালক ছিলেন।

পুলিশ জানায়, দড়িহাওলাপাড়া গ্রামে রোকন হাজির বাড়িতে ভাড়া বাসায় থেকে মারুফ মিয়া প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার বাবা বিল্লাল মিয়া সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি মারুফ মিয়া তার আপন খালাকে প্রেমের প্রস্তাব দেন। কিন্তু তার খালা তার প্রস্তাবে সাড়া দেয়নি। এটি মেনে নিতে পারেননি মারুফ। পরে শনিবার সন্ধ্যার কোনো এক সময় খালি বাসায় সিলিং ফ্যানের সঙ্গে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন মারুফ মিয়া। পুলিশ খবর পেয়ে রাত ১০টার দিকে ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে।

পলাশ থানার ওসি তদন্ত মো. জসিম উদ্দিন জানান, খবর পেয়ে মারুফ মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card