ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির ১০৩ যোদ্ধাকে এককালীন আর্থিক অনুদান

ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির যোদ্ধাদের সম্মানে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ১০৩ জন আহত যোদ্ধার হাতে এক লক্ষ টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।

বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ্ মোহাম্মদ বদরুদ্দোজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজি রিয়াজ, সদস্য সচিব সোহেল রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফ খান, নিরব ইমতিয়াজ শান্তসহ আন্দোলনকালীন আহত মো. শামসুল হক, কামরুজ্জামান ঈসা, আনিসুর রহমান মিয়া, মৌসুমী আক্তার মৌ, মো. শোয়েব আলী, রাকিব হোসেন, মো. চুন্নু শেখ, শেখ বিল্লাল হোসেন প্রমুখ।

বক্তারা শহীদদের আত্মার শান্তি কামনা করেন এবং বলেন, “জীবনের ঝুঁকি নিয়ে এ যোদ্ধারা স্বৈরাচার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

সরকারের পক্ষ থেকে আহতদের পাশে দাঁড়ানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতরা একদিন নতুন বাংলাদেশের বীর হিসেবে স্বীকৃতি পাবে। রাষ্ট্র সবসময় তাদের পাশে আছে ও থাকবে।”

এনএএন টিভি / শরিফুল ইসলাম

Share this news as a Photo Card