ফরিদপুরে নিক্সন চৌধুরীর উস্কানিমূলক বক্তব্যে সহিংসতা: থানায় মামলা, পুলিশের সতর্কবার্তা

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের ধারাবাহিক রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্যের পর ভাঙ্গা উপজেলায় সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত প্রকাশিত গেজেটে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। বিষয়টি কেন্দ্র করে গত ৫ সেপ্টেম্বর থেকে স্থানীয় জনসাধারণ ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল ও ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে অবস্থান ও অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছে।

এ পরিস্থিতিকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও বার্তা প্রকাশ করেন। ৯ সেপ্টেম্বর তিনি তার ভিডিও বার্তায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশ নির্বাচন কমিশনকে ‘অবৈধ’ আখ্যা দেন। একই সঙ্গে তিনি তার কর্মী-সমর্থকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং দাবী পূরণ না হলে রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন।

এরপর ১৫ সেপ্টেম্বর তার অনুগত কর্মী-সমর্থকরা সাধারণ আন্দোলনে অনুপ্রবেশ করে ভাঙ্গা থানা, ভাঙ্গা হাইওয়ে থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, নির্বাচন অফিস ও কৃষি অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। এমনকি সরকারি গাড়িতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করা হয়।

ঘটনার প্রেক্ষিতে ভাঙ্গা থানায় মামলা দায়ের হলে, ১৯ সেপ্টেম্বর নিক্সন চৌধুরী পুনরায় ভিডিও বার্তায় বর্তমান সরকার ও নির্বাচন কমিশনকে অবৈধ আখ্যা দেন এবং পুলিশের বিরুদ্ধে বিষোদগার করেন। একই সঙ্গে মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তুলে জনগণকে উস্কে দেওয়ার চেষ্টা করেন।

ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে— কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না। জনগণকে আহ্বান জানানো হয়েছে আইন মেনে চলার ও পুলিশের সঙ্গে সহযোগিতা করার জন্য। এছাড়া কারও উস্কানিমূলক বক্তব্য বা গুজব প্রচারের তথ্য পাওয়া গেলে দ্রুত নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ও ফোকাল পয়েন্ট (মিডিয়া), ফরিদপুর স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জনগণকে সতর্ক থাকতে এবং বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।

শরিফুল ইসলাম / এনএএন টিভি