পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়িতে মদ খাওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে যুববকে হত্যার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বান্দরবানে রোয়াংছড়িতে মদপানকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে দুই বন্ধুর হাতে নিহত হয়েছেন তাদেরই এক বন্ধু। রবিবার (২৭ জুলাই) দুপুরে রোয়াংছড়ি উপজেলার বেক্ষ্যং পাড়া এলাকার তারাছা খাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম উথোয়াইশৈ মারমা (১৮)। তিনি উপজেলার নোয়াপতং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খক্ষ্যংপাড়া এলাকার বাসিন্দা শৈচনু মার্মার ছেলে।ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন, আলেক্ষ্যং ইউনিয়নের শীলবান্ধা পাড়ার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য সিংনুমং মার্মার ছেলে উনুসিং মারমা (২৬) এবং লোওয়াইসামং মার্মার ছেলে হ্লাথোয়াইহ্রী মারমা (২৮)।প্রত্যক্ষদর্শীদের জানা গেছে, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নিহত উথোয়াইশৈ মার্মা তার দুই বন্ধুর সঙ্গে মদপানে লিপ্ত ছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। তখন সবাই নেশাগ্রস্ত ছিলেন। ঝগড়ার এক পর্যায়ে দুই বন্ধু মিলে পাথর দিয়ে উথোয়াইশৈ মার্মার মাথায় আঘাত করে তাকে হত্যা করে এবং পরে লাশটি পাশের খালে ফেলে দেয়।বিষয়টি জানাজানি হলে নিহতের বাবা শৈচনু মার্মা স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করেন। পরে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তারাছা খাল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. সাকের আহমেদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মো. ইসমাইলুল করিম / এনএএন টিভি
