বিজ্ঞান আন্দোলন মঞ্চ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুরে মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ, ফরিদপুর জেলা শাখা। “নদী বাঁচাও, প্রকৃতি বাঁচাও, দেশ বাঁচাও” এই স্লোগানে সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে আয়োজন করা হয় এই কর্মসূচি।

সংগঠনের জেলা আহ্বায়ক সজল বাড়ৈ-এর সভাপতিত্বে ও সদস্য কৌশিক অধিকারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সহযোগী অধ্যাপক লিয়াকত হোসেন হিমু এবং সদস্য কে এম আবদুল্লাহ আবিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক অনুপম নন্দি, মিফতি ইসলাম, শেখ নাঈম, তৃষ্ণা ইসলাম ও ইয়াসির আরাফাত প্রমুখ।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, ১৯৭২ সালের জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ৫ জুনকে আন্তর্জাতিক পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়। এই দিনের মূল উদ্দেশ্য – পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলা, কার্বন নিঃসরণ কমানো, পলিথিন ব্যবহার বন্ধ করা এবং ব্যাপক বনায়নের মাধ্যমে পরিবেশ রক্ষা।

তাঁরা বলেন, পরিবেশ দিবস পালনের সংখ্যা বাড়লেও বাস্তবে পরিবেশের বিপর্যয় বেড়েই চলেছে। বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ আশঙ্কাজনক হারে বাড়ছে, যা গত বছরে প্রায় ১ কোটি ৩৩ লক্ষ টনে পৌঁছেছে।

বক্তারা যুদ্ধ-উন্মাদনা, পারমাণবিক শক্তির প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক নদীগুলোর প্রবাহে বাঁধ দেওয়ারও তীব্র সমালোচনা করেন। তাঁরা বলেন, এসব কারণে ভাটির দেশ বাংলাদেশে নদীশূন্যতা দেখা দিচ্ছে। একসময় দেশের সাহিত্য-সংস্কৃতিতে যেসব নদীর কথা বলা হতো, তার অনেকগুলো আজ অস্তিত্বহীন। নদী দখল, দূষণ এবং পানি সংকটে নদীমাতৃক বাংলাদেশের ভবিষ্যৎ হুমকির মুখে।

নেতৃবৃন্দ ভারতের একতরফা নদী শাসনের বিরুদ্ধেও সোচ্চার হওয়ার আহ্বান জানান। ফারাক্কা, গজলডোবা ও তিস্তা ব্যারেজসহ সকল বাঁধ অপসারণের দাবিতে জনসম্পৃক্ত দুর্বার আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেন তাঁরা।

আলোচনা শেষে পরিবেশ রক্ষায় প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এনএএন টিভি  / শরিফুল ইসলাম

Share this news as a Photo Card