মুন্সিগঞ্জে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জ শহরের নির্মাণাধীন আবাসিক ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে মুন্সিগঞ্জ বড় বাজার সংলগ্ন খালইস্ট একাকায় সিঙ্গাপুর প্রবাসী সবুজ কাজীর নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহীন ইসলাম (২৮), ফিরোজ মিয়া (১৮) ও মোহাম্মদ ইব্রাহিম (২৫)। নিহতদের বাড়ি পঞ্চগড়, রংপুরের গাইবান্ধা ও বগুড়া জেলায় বলে জানিয়েছে পুলিশ।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল থেকেই ওই নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের কাজসহ অন্যান্য কাজ করছিলেন নিহত শ্রমিকরা।

দুপুরের দিকে সেপটিক ট্যাংক পরিস্কার করে উপরের ঢাকনা লাগানোর কাজ করতে গিয়ে প্রথমে এক শ্রমিক সেপটিক ট্যাংকের ভিতরে প্রবেশ করে। এরপর, ট্যাংকের ভিতরে বিষাক্ত গ্যাস জমে থাকায় অসুস্থ হয়ে পড়ে সে। পরে তাকে উদ্ধারে আরও দুই শ্রমিক ট্যাংকের ভিতরে নামলে তারাও অসুস্থ হয়ে আটকা পড়ে। পরে স্থানীয়রা বুঝতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মীরা মেশিনের মাধ্যমে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে ভিতরে জমে থাকা বিষাক্ত গ্যাস অপসারণ করে নিহত শ্রমিকদের বের করে আনে।

বিষয়টি নিশ্চিত করে, মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে আসে। তবে তার আগেই সেপটিক ট্যাংকের ভিতরে ওই তিন শ্রমিকের মৃত্যু হয়।

এদিকে, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে নিহতদের ময়নাতদন্ত হলে, আইনগত প্রক্রিয়ার শেষে নিহত তিন শ্রমিকের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির।

এনএএন টিভি  

Share this news as a Photo Card