মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সেলিম নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে চরডুমুরিয়া ও সামারচর এলাকায় রহিম মোল্লা গ্রুপ ও আওলাদ মোল্লা গ্রুপের মধ্যে সংঘাত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য নিয়ে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আওলাদ মোল্লা ও প্রতিপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। আসন্ন ইউপি নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। এ নিয়ে সম্প্রতি বিরোধ আরও বেড়েছে।
এলাকার নিয়ন্ত্রণ নিয়ে আজ আবারও সংঘাতে জড়ায় দু’পক্ষ। এ সময় গোলাগুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটে। আহত হন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেলিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী। সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় যোগাযোগের চেষ্টা করেও আওলাদ মোল্লা ও রহিম মোল্লার বক্তব্য পাওয়া যায়নি। গত সপ্তাহেও সংঘর্ষে জড়ায় দু’পক্ষ।
