চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মড়লটোলা বাবু বাজার মোড়ে ধর্ষকের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) সকাল ১০টায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী পরিবারের সদস্যসহ শতাধিক এলাকাবাসী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এতে বক্তব্য রাখেন ভুক্তভোগীর ভাই মোহাম্মদ রাসেল আলী, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, সমাজকর্মী আতিকুল ইসলাম পলাশ, মানবাধিকার কর্মী সাবিনা ইয়াসমিনসহ অনেকে।
বক্তারা জানান, শিবগঞ্জ উপজেলার উপর চাকপাড়া এলাকার হেলাল উদ্দিন ওরফে মুক্তার আলীর ছেলে ও কথিত সোর্স বাবু দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত। ভুক্তভোগী এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাজশাহীর একটি হোটেলে নিয়ে গিয়ে কৌশলে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীকে একা ফেলে সেখান থেকে পালিয়ে যায়।
ভুক্তভোগী নারী দুই সন্তানের জননী। এ ঘটনায় তিনি চরম মানসিক ও সামাজিকভাবে ভেঙে পড়েছেন।
বক্তারা বলেন, এই লজ্জাজনক ঘটনা শুধু একজন নারীর অপমান নয়, এটি পুরো সমাজ ও ন্যায়বিচার ব্যবস্থার প্রতি চরম অগ্রাসন। তারা অভিযুক্ত সোর্স বাবুর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, “অপরাধীরা কোনো দলের নয়, তারা সমাজের শত্রু। আমরা আর নীরব নই। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হব, বিচার আদায় করেই ছাড়ব।”
এ সময় বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন আইনের ফাঁক গলে এমন অপরাধীরা কোনোভাবেই পার না পায়। একইসঙ্গে এ ধরনের ঘটনায় নির্যাতিত নারীদের জন্য মানসিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তোলেন তারা।
এনএএন টিভি / মোঃ আহসান হাবীব
