সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১১৬ জন বরিশাল বিভাগে। আর এই সময়ের মধ্যে মারা গেছেন একজন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৬ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৮৮০ জন।
রবিবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এই সময়ে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। একই সময়ে বিভাগজুড়ে ১১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চট্টগ্রাম বিভাগে ৭৯ জন ছাড়াও ঢাকা বিভাগে ৬০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, খুলনা বিভাগে ২৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
