পটুয়াখালীতে আগুনে পুড়লো অর্ধশতাধিক দোকান, আহত ৬

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশতাধিক দোকান ও বসতঘর পুড়ে গেছে। বুধবার (৩ মে) সন্ধ্যায় পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের পুরান বাজারে এ ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের সাতটি টিম প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মীসহ অন্তত ছয় জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতরা হলেন- ফায়ার সার্ভিসের কর্মী রাসেদ খান, শাহাদত হোসেন, পুলিশ সদস্য গোলাম মস্তফা, স্থানীয় বাসিন্দা জিহাদ, মাশরাফি ও আব্দুল্লাহ।

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, অগ্রণী ব্যাংক সংলগ্ন হারুন মুন্সীর তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত।

মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে অগ্রণী ব্যাংকের পুরান বাজার শাখার আংশিক, একটি ৫ তলা ও একটি ৩ তলা ভবনের আংশিক এবং অর্ধশতাধিক দোকান ও বসত ঘর পুড়ে যায়।

এতে প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, পানি সঙ্কটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। কীভাবে আগুন লেগেছে, সেটা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ফারুক হোসাইন জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমাদের দুইটি টিম ঘটনাস্থলে যায়।

আমরা যেটা জানতে পেরেছি, তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পানি সঙ্কটের কারণে আগুন নেভাতে আমাদের বেগ পেতে হয়েছে।

পরে আমাদের সাতটি টিম নদী থেকে পানি এনে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

তিনি আরও জানান, কীভাগে আগুন লেগেছে সেটা এখনো বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।

 

আরও পড়ুন:

এনএএন টিভি