কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে ডাকাতের গুলিতে শাহাদত হোছাইন (১৭) নামে এক জেলে নিহত হয়েছেন।
বুধবার দুপুরে সাগরে মাছ ধরতে গেলে ডাকাতের হামলার শিকার হন জেলেরা।
নিহত শাহাদত উত্তর ধুরুং মনছুর আলী হাজীপাড়ার মৃত মো. বাদশার ছেলে।
ফিশিং বোটের মালিক নাছির উদ্দিন জানান, বুধবার দুপুর ২টার দিকে একটি ফিশিং বোটে সাগরে মাছ ধরতে গেলে ২০ জন মাঝিমাল্লা ডাকাতের হামলার শিকার হয়। এ সময় ডাকাতেরা বোটে উঠতে না পেরে গুলি ছোড়ে। তাদের ছোড়া গুলিতে শাহাদত (১৭) মারাত্মক আহত হলে রাত সাড়ে ১১টার দিকে কুতুবদিয়া হাসপাতালে নেওয়া হয়। এ সময় ডা. তাসনিমুল আবেদীন রাহাত শাহাদতকে মৃত ঘোষণা করেন।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম বলেন, সাগরে ডাকাতের গুলিতে নিহত শাহাদত হোসেনের মরদেহ উদ্ধারের পর বৃহস্পতিবার সকালে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
