কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার একটি খাল থেকে ভাসমান অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার লামারপাড়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত তরুণীর নাম সাজেদা আক্তার (২০)। তিনি উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের আজিম উল্লাহর মেয়ে। সন্ধ্যায় তাঁর লাশ খালে ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, নিহত তরুণীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মারধরের পর শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। নিহত তরুণীর পরিবারের সদস্যদের অভিযোগের আলোকে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

One Reply to “নিখোঁজ তরুণীর লাশ মিলল খালে”
Comments are closed.