টেকসই কৃষির মান উন্নয়নে নোয়াখালীর সুবর্ণচরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
মুজাহিদুল ইসলাম সোহেল
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে সাধারণ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলায় কৃষি অফিসের উদ্যোগে কৃষি প্রশিক্ষণ হলরুমে এই প্রণোদনা কর্মসূচির আয়োজন করা হয়।
জানা যায়, এই কর্মসূচির আওতায় ১ হাজার কৃষককে চিনাবাদামের বীজ ও সার এবং ১ হাজার কৃষককে সয়াবিনের বীজ ও সার এবং প্রতিটি কৃষক ১০ কেজি চিনাবাদামের সঙ্গে ৫ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার এবং ৮ কেজি সয়াবিন বীজের সঙ্গে ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেয়া হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা হারুন আর রশিদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমানসহ কৃষি সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা কৃষি কর্মকর্তা হারুন আর রশিদ জানান, এই প্রণোদনার লক্ষ্য কৃষকদের উদ্বুদ্ধ করা ও টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করা।
