সিলেটে অভ্যন্তরীণ দ্বন্দ্বে কিশোর গ্যাংয়ের এক সদস্য খুন

সিলেটে নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে কিশোর গ্যাংয়ের এক সদস্য খুন হয়েছে। শুক্রবার সকালে ওসমানী হাসপাতালে ওই কিশোর মারা গেছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর বাদামবাগিচা এলাকায় কিশোর গ্যাংয়ের অপর সদস্যরা তাকে ছুরিকাঘাত করেছিল। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

নিহত কিশোর শাহ মাহমুদ হাসান তপু (১৭) সিলেটের এয়ারপোর্ট থানাধীন ইলাশকান্দি বাদামবাগিচা উদয়ন ৪০/২ নম্বর বাসার শাহ এনামুল হকের ছেলে। হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া মিডিয়া অফিসার, উপকমিশনার মো. তারেক আহমদ।
তিনি জানান, কিশোরদের দুই গ্রুপের বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত ১২টার দিকে একটি গ্রুপের প্রধান নগরীর খাসদবির এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. জাহিদ হাসানের এলোপাতাড়ি ছুরিকাঘাতে অপর গ্রুপের সদস্য শাহ মাহমুদ হাসান তপু গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে নেওয়া হলে শুক্রবার সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।

ডিসি তারেক আহমদ জানান, অভিযান চালিয়ে জাহিদ ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছৈ। সহযোগীরা হলো- নগরীর লোহারপাড়া এলাকার আব্দুল মনিরের ছেলে মো. অনিক মিয়া ও মো. বশিরুল ইসলামের ছেলে মো. জুনেদ আহমদ।

 

এনএএন টিভি